
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আ’ লীগ যে কোনো ধরনের অপকর্ম করতে চাইলে কোনো ভাবেই ছাড় পাবে না। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না-জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপাতত: কোনো ধরনের শঙ্কা আছে বলে মনে হয় না। তবে, তা থাকলে ও আল্লাহ চাইলে সব কিছু সামাল দেয়া সম্ভব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কার আভাস পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি, সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কী উদ্যোগ নেয়া হয়েছে? এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যে-ই জড়িত থাকবে কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনো ভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়। উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি-আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।
নিজস্ব প্রতিবেদক 











