
বোয়ালখালী প্রতিনিধিঃ আহমদ নূর,
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার মজুমাল তালুকদার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ছালেহ আহমদ, আবু বক্কর ও ওমর ফারুকের তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে এবং ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও তিনটি পরিবারের সব আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
নিজস্ব প্রতিবেদক 











