
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঈন উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্থানীয়দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মুহাম্মদ ইসমাইল। এতে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মির্জা বাহার উদ্দিন, মো. ইসমাইল মির্জা, মোহাম্মদ সাদাত, মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, শ্রমিক দলের সভাপতি মো. সোলায়মান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিএম জসীম উদ্দীন, কর্ণফুলী নদী সম্পদ মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পিয়ার আলী, সহ-সভাপতি জাফর আহমদ, শাহিনুর আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিএনপি নেতা মো. মঈন উদ্দিন ও ব্যবসায়ী মির্জা মুহাম্মদ আজাদের বিরুদ্ধে যে অপহরণ মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, গত ৭ মার্চ চরপাথরঘাটা ইউনিয়নের শাহ আলমের পুত্র মো. শহীদুল আলম (৩২) কর্ণফুলী থানায় বিএনপি নেতা মো. মঈন উদ্দিনসহ ৮ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক 











