
মোঃ ফিরোজ উদ্দিন চট্টগ্রামঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মুহাম্মদ শরীফের পদায়নকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে এক আনন্দের জোয়ার বইছে। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মুহাম্মদ শরীফের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা এবং সৎ কর্মনিষ্ঠা কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে বলে স্থানীয়রা আশা করছেন। এর আগে মুহাম্মদ শরীফ সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পুলিশ পরিদর্শক এবং চট্টগ্রাম সিআইডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সুনামের পাশাপাশি তিনি ব্যক্তি জীবনে একজন কবি, সাহিত্যিক, লেখক ও গবেষক হিসেবেও পরিচিত। তাঁর কবিতায় দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ তাকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। মুহাম্মদ শরীফের জন্ম ১৯৭৭ সালে চট্টগ্রামে, যদিও তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। ১৯৬০ সালে তাঁর বাবা চট্টগ্রামে স্থায়ী হন এবং সেই থেকে পরিবারটি এখানেই বসবাস করছে। শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি চট্টগ্রামের সাথে নিবিড়ভাবে যুক্ত। তাঁর ব্যক্তিগত গুণাবলী ও কর্মদক্ষতার কারণে এলাকার মানুষ তার প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করছেন। অন্যদিকে, কর্ণফুলী থানার বর্তমান ওসি মোহাম্মদ মনির হোসেন রংপুর রেঞ্জে বদলি হওয়ার পর থেকে থানা এলাকায় নতুন নেতৃত্বের অপেক্ষা চলছিল। অবশেষে মুহাম্মদ শরীফের মতো অভিজ্ঞ একজন কর্মকর্তার নিয়োগ এলাকাবাসীর জন্য স্বস্তি বয়ে এনেছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “নতুন ওসি মুহাম্মদ শরীফ একজন সৎ ও কর্মঠ ব্যক্তি। তাঁর যোগদানের মাধ্যমে কর্ণফুলী থানার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে বলে আমাদের বিশ্বাস। তথ্য অনুযায়ী, মুহাম্মদ শরীফ শিগগিরই তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবেন। কর্ণফুলীর জনগণ নতুন ওসিকে স্বাগত জানিয়ে তার প্রতি তাদের আশা ও ভরসার কথা ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 











