নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামের কৃতী সন্তান সারজিন জাহান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জন করে অ্যাডভোকেট হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা সারজিন জাহান ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। তিনি ছদাহা আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৭ সালে করইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগে ভর্তি হন এবং ২০২৪ সালে আইন বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামে আইন বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন (২০২৬ শিক্ষাবর্ষ)। সারজিন জাহান মরহুম নুর জাহান বেগম ও মো. আবু তাহেরের সন্তান। বাবা-মায়ের স্নেহ, আদর্শ ও প্রেরণাই তার এই সাফল্যের পেছনে প্রধান শক্তি হিসেবে কাজ করেছে বলে জানা গেছে। নিজের এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। ভবিষ্যতে সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণ করে দেশের আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। স্থানীয়রা আশা করছেন, সারজিন জাহানের এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ