নিজস্ব প্রতিবেদকঃ হত্যা মামলার আসামি হওয়ার পরও দাপটের সঙ্গে দায়িত্ব পালন করছেন গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব। তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং ছাত্র আন্দোলন দমনে অর্থ ও সহায়তা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব। বর্তমানে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-১-এ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৪ অক্টোবর ২০২৪ তারিখে এই বিভাগে যোগদান করেন। এর আগে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানে জানা গেছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে অধিকাংশ দরপত্র নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছ এছাড়া তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গণপূর্ত অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, আহসান হাবীব দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দুর্নীতির মাধ্যমে তিনি নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। গণপূর্তে তার একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে টেন্ডার ও বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করা হয়। তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশিত হলে তা প্রভাব খাটিয়ে ম্যানেজ করারও অভিযোগ রয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় সহায়তা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে তিনি বিভিন্নভাবে অর্থ ও রসদ সরবরাহ করেছিলেন। সূত্র আরও জানায়, আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায়ও মো. আহসান হাবীবকে আসামি করা হয়েছে। মামলার পর থেকেই তিনি বাদীর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে চাপ ও প্রলোভন দেখিয়ে মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রভাবশালী মহলের ভূমিকার কথাও বলছেন সংশ্লিষ্টরা। গণপূর্ত অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাবান মহলের সমর্থন থাকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ