চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ ‘সোস জসিম্মা’ (৪৮) অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানে তাকে হাটহাজারী বাজার এলাকা থেকে আটক করা হয়। র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী হাটহাজারীতে একটি ঝটিকা মিছিল বের করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী নন্দীরহাট ধোপার দিঘীর পাড় থেকে মিছিলটি শুরু করেন। এতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন এবং যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রকাশ ‘সোস জসিম্মা’ উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাত্র তিন মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা সরে পড়েন। ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটেজ দেখে হাটহাজারী থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। ওই মামলারই পলাতক আসামি ছিলেন জসিম উদ্দিন। গ্রেফতারকৃত জসিম উদ্দিন হাটহাজারী পৌরসভার পশ্চিম ফটিকা ৫ নম্বর ওয়ার্ডের মৃত হারুনুর রশিদের ছেলে। স্থানীয়রা দাবি করেন, জসিম উদ্দিন ১৯৯৩ সাল থেকে হাটহাজারী থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। পরে ২০০৬ সালে যুবলীগে যোগ দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়দের বক্তব্য। এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তারা মনে করেন, গ্রেফতারের ঘটনায় হাটহাজারীতে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে, যদি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হয়। এ বিষয়ে র্যাব বা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ