
চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: র্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসকের কার্যালয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে মোট ৮টি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাক্তাই এলাকার সোহেল সেমাই মিল-এ বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ছাড়া ভার্মিচিলি সেমাই উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। একই এলাকার আবুল হোসেন সেমাই ফ্যাক্টরি-তে বিএসটিআই মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন ছাড়াই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে উৎপাদন ও বিক্রি করার প্রমাণ মেলে। এ ঘটনায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নাজিম সেমাই মিল-এ বিএসটিআই মান সনদ ও কৃষি বিপণন লাইসেন্স বৈধ পাওয়া যায়। তবে অস্বাস্থ্যকর পরিবেশে ভার্মিচিলি সেমাই উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) রিগান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) বুলবুল আহমেদ জয়, ফিল্ড অফিসার (সিএম) অন্তর চৌধুরী এবং ফিল্ড অফিসার (সিএম) মো. নাসির উদ্দীন দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











