
চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ এরশাদ উল্লাহ বলেন, “আমরা সবাই এ দেশের সন্তান। কেউ রাজনীতি করি, কেউ সরকারি চাকরি করি। অতীতের যে আবর্জনা আমরা পেয়েছি, সেদিকে তাকিয়ে থাকলে চলবে না। সেই আবর্জনা পরিষ্কার করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো কাজ শুরু হয়নি। খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ শুরুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য শাহ আলম বাবলু, বিপ্লব জল দাশ, শাহেদ হোসেন ছোটন, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হারুন অর রশিদসহ আরও অনেকে। সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সাংসদ আলহাজ এরশাদ উল্লাহর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 











