চন্দ্ররিয়া খালের তীব্র ভাঙনে চরখিদিরপুর পূর্ব কালুরঘাট এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত ভাঙনের ফলে বিলীন হওয়ার মুখে পড়েছে একাধিক বসতবাড়ি, গাছপালা ও আবাদি জমি। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে নবাব আলি চৌধুরীর সদ্য নির্মিত নতুন বাড়ির একটি বড় অংশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের মধ্যেই খালের পাড় ধসে পড়ে নবাব আলি চৌধুরীর বাড়ির বিশাল অংশ পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিনের স্বপ্ন ও কষ্টার্জিত অর্থ ব্যয় করে নির্মিত বাড়িটি চোখের সামনে ভেঙে পড়তে দেখে পরিবারটি এখন চরম দুর্দশায় পড়েছে। মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তারা। এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই চন্দ্ররিয়া খালের ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। তবে এবার ভাঙনের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একের পর এক বসতভিটা, গাছপালা ও ফসলি জমি খালের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এতে আশপাশের বাসিন্দারাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী নবাব আলি চৌধুরী বলেন, “এই বাড়িটাই ছিল আমার জীবনের শেষ সম্বল। চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কীভাবে বাঁচব, কিছুই বুঝতে পারছি না।” স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই আরও অনেক বসতবাড়ি খালের গর্ভে চলে যাবে। তারা অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ, ভাঙন রোধে জরুরি উদ্যোগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ