
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জনসাধারণের জন্য সুলভ মূল্যে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এই উদ্যোগের আওতায় ওমেরা গ্যাস, আইগ্যাস, টোটাল গ্যাস ও সুপার গ্যাস কোম্পানির মোট ৭৭০টি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়। উদ্বোধনী বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক 











