নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া উদ্যানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) সম্মিলিত ইসলামি জোটের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্মিলিত ইসলামি জোটের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকীর নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামি জোটের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, ভাইস চেয়ারম্যান মুফতী সোহাইল আহমেদ মাদানি, মাওলানা মোজাম্মেল হক, মুফতী ইসহাক আল ফরিদী, মুফতী দেলোয়ার হোসেন এমদাদী, মুফতী মাহমুদুল হাসান, হাফেজ আল-আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আতাউর রহমান আতিকী বলেন, চারদিন পার হলেও বেগম খালেদা জিয়ার মাজারে লাখো মানুষের ঢল নামছে। এটি প্রমাণ করে, মানুষ অন্তর থেকে তাঁকে ভালোবাসে। তিনি কখনো প্রতিহিংসাপরায়ণ শাসক ছিলেন না; বরং ছিলেন উদার ও গণতন্ত্রকামী নেতা। ১৯৮৩ সাল থেকে তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে সংগ্রাম করে গেছেন এবং কোনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। ভাইস চেয়ারম্যান মুফতী সোহাইল আহমেদ মাদানি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা মানুষ আগে কখনো দেখেনি। গণতান্ত্রিক চেতনা ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে সম্মিলিত ইসলামি জোট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে উপস্থিত হয়েছি। সংগঠনের মহাসচিব মুফতী ইসহাক আল ফরিদী বলেন, দীর্ঘদিন পর মানুষ আবার গণতান্ত্রিক ধারায় ফেরার আশায় বুক বাঁধছে। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, যাতে জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ