
নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশিদের টার্গেট করে ভয়ংকর ভিসা প্রতারণা, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসী এবং বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের কাছ থেকে হাজার হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকচক্র প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী নেটওয়ার্ক ব্যবহার করে সহজে সৌদিতে আসার লোভ দেখায়। এরপর ভিসা প্রসেসিং ও চাকরির নিশ্চয়তার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার থেকে ১০ হাজার রিয়াল পর্যন্ত আদায় করা হয়। টাকা নেওয়ার পরই প্রতারকরা WhatsApp ও IMO নম্বর ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আরও ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে—কিছু ভুক্তভোগী সৌদিতে পৌঁছানোর পর তাদের একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও পরিবারের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের ঘটনাও ঘটেছে। অপহরণ, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। এক ভুক্তভোগীর স্বজন জানান, “আমার ছোট ভাই ভিসার জন্য ৫ হাজার রিয়াল দিয়েছিল। টাকা নেওয়ার পর প্রতারকরা সব যোগাযোগ বন্ধ করে দেয়। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি, কোনো খোঁজও পাচ্ছি না।” প্রবাসী বাংলাদেশিদের দাবি, এই চক্রটি ভুয়া অনলাইন আইডি, ভুয়া ঠিকানা এবং ভূয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। রিয়াদ ও আশপাশের এলাকায় তাদের কার্যক্রম আরও ভয়ংকর রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসী কমিউনিটিতে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা দ্রুত সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রবাসীদের প্রতি জরুরি সতর্কবার্তা
- ভিসা বা চাকরির নামে কোনো ব্যক্তির কাছে সরাসরি টাকা দেবেন না
- শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে লেনদেন করুন
- প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় ও বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করুন
- সন্দেহজনক আইডি ও দালালদের বিষয়ে অন্যদেরও সতর্ক করুন
সতর্ক থাকুন, সচেতন থাকুন – প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
নিজস্ব প্রতিবেদক 











