
ঢাকা প্রতিনিধিঃ বিশ্ব দর্শন দিবস উপলক্ষে তেজগাঁও কলেজের দর্শন বিভাগে বৃহস্পতিবার এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে মিলিত হয় দর্শন চর্চার গভীরতা, শিক্ষার্থীদের উৎসাহ এবং বিভাগীয় বন্ধন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের পরিচিত মুখ, নন্দিত শিক্ষক ও দর্শন বিভাগের প্রভাষক সজীব কুমার বসু। তাঁর নেতৃত্বে আলোচনা সভায় দর্শনের মানবিক ও সামাজিক গুরুত্ব, শিক্ষার্থীদের ভাবনার বিস্তার এবং আধুনিক সমাজে দর্শনের ভূমিকা নিয়ে আলোচনায় উঠে আসে নানা দিক।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ধানমন্ডি ড. মালিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র, মালিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, ঢাকা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক অধিকারের স্টাফ রিপোর্টার জনাব ফয়জুল ইসলাম। তিনি দর্শনের প্রাসঙ্গিকতা ও তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা গঠনে দর্শন শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বিশ্ব দর্শন দিবস উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বিভাগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দর্শন বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এমন আয়োজন তরুণদের চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে এবং দর্শন চর্চাকে আরও ত্বরান্বিত করবে।
নিজস্ব প্রতিবেদক 











