
এর আগে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে না থাকায় তা পিছিয়ে যায়। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার নিশ্চিত হলো সিনেমাটির মুক্তি। অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার জানান—
“কয়েকবার তারিখ ঠিক করেও পিছিয়ে যেতে হয়েছিল। এখন দর্শক ভালো সিনেমার অপেক্ষায় আছেন। তাই সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর বান্ধব মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।”
পরিচালক সুজন বড়ুয়ার কাছে এই মুহূর্ত অন্য রকম আনন্দের। তিনি বলেন—
“আমি প্রতীক্ষায় ছিলাম ছবিটি কবে মুক্তি পাবে। অবশেষে সেই সময় এসেছে। বুকের ভেতর অন্যরকম শান্তি অনুভব করছি। আশা করি দর্শকরা ছবিটি ভালোবাসবেন। কারণ বান্ধব পুরোপুরি গল্পনির্ভর চলচ্চিত্র।”
বান্ধব সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জন্মপরিচয়হীন শিশুকে ঘিরে। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে পাওয়া শিশুটি সমাজের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়। মানবিকতা, সংগ্রাম ও বেঁচে থাকার লড়াইয়ের চিত্রই তুলে ধরা হয়েছে এ ছবিতে।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান, রাজ সাগর, রুবেল, শায়লা, সানজি, সোহেল, উর্মি প্রমুখ।
বান্ধব-এ রয়েছে মোট পাঁচটি গান। এর মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান ও এম এ রহমান, কন্ঠ দিয়েছেন কোনাল, বেলী আফরেজ, আশিক, চৈতি মুৎসুদ্দি প্রমুখ। সব মিলিয়ে বান্ধব হতে যাচ্ছে এ বছরের আলোচিত একটি মানবিক গল্পের সিনেমা, যা নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান দুজনেই মনে করেন দর্শকের মনে দাগ কেটে যাবে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ