সৌদি রিয়েল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সৌদি রিয়েল, ৮টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ আলকাছ মিঞার (৬৩) সঙ্গে ফেরিওয়ালা পরিচয়ে প্রথমে ঘনিষ্ঠতা তৈরি করে প্রতারক চক্রের এক সদস্য। পরে সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা (নং-৪৭, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করা হয়। এরপর পুলিশ সুপার চট্টগ্রাম মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। অভিযানে পাইকপাড়া এলাকা থেকে এজাহারনামীয় আসামী লিয়াকত আলী খান (৫৫), গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। পরে চন্দনাইশের দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকা থেকে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার বাসিন্দা মোঃ সোহেল বেগ (৩৩) ও মোঃ জাহিদ খান ওরফে শহিদ (৪৫) কে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সৌদি ১০০ রিয়েল মূল্যমানের ২০টি নোট, প্রতারণায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ