নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৮টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৬টি নরমাল ডেলিভারি এবং ২টি ইলেকটিভ সিজারিয়ান সেকশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. জাফরিন জাহেদ জিতি জানান, হাসপাতালে সকল ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এছাড়াও, ডেলিভারির পর মা ও নবজাতকের জন্য এক মাসের প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নরমাল ডেলিভারির জন্য প্রশিক্ষিত নার্সদের তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের জন্য ব্যায়ামের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও, সকল প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা এবং নিরাপদ রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ডা. জিতি আরও জানান, হাসপাতালে ডেলিভারি করাতে ইচ্ছুক গর্ভবতী মায়েরা সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন অফিস সময়ে বহির্বিভাগের এএনসি রুমে (রুম নং ৪) গাইনী বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগের ফলে বোয়ালখালীতে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরাপদ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ