
চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। পৌরসভার তুলাতল এলাকায় আমির মোহাম্মদ সুবেদার বাড়ি জামে মসজিদে শনিবার (১৬ আগস্ট, ২০২৫) ফজরের নামাজের পর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমামের নাম মো. তায়েফ হোসেন (২৩)। এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর ‘আলা হযরতের গজল’ পড়া নিয়ে বিতর্কের জের ধরে ইমাম তায়েফ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মসজিদ থেকে ঘরে ফেরার পথে তুলাতল শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। অভিযোগে অভিযুক্তরা হলেন, বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডীর বাসিন্দা শওকত হোসেন (৩৮), আনোয়ার হোসেন (৪২), মো. আলিফ (১৯) এবং আলী হোসেন (৪৫) ভুক্তভোগী ইমাম মো. তায়েফ হোসেন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক 











