নিজস্ব প্রতিবেদকঃ এম আর তাওহীদ, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নয়াহাট, বইলতলি হয়ে হাফেজ নগর দরবার শরীফে যাওয়া প্রধান সড়কটি সংস্কারের এক বছর না যেতেই ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজের সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও গাফিলতির কারণে অল্প সময়েই সড়কের এ অবস্থা হয়েছে। স্থানীয়রা জানান, এলজিইডির আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের সময়ই তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার সরেজমিন তদারকির অনুরোধ জানান। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের দায়িত্বে গাফিলতি লক্ষ করা গেছে। এখন রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়েছে, খানাখন্দে ভরে গেছে চলাচলের পথ। যা একপ্রকার ‘পুকুর চুরি’ বলেই মনে করছেন সচেতন মহল। সাধারণ মানুষ ও এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে জোর দাবি জানানো হয়েছে, দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা হোক। এ বিষয়ে এলজিইডি, চন্দনাইশ-এর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ