ঢাকা প্রতিনিধিঃ কাজী আশরাফুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। অবস্থানরত শিক্ষার্থীরা জানায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হঠাৎ করে ককটেল সদৃশ একটি বস্তু ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি এবং কাউকে আটক করা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বলেন, ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। আমরা এই অপচেষ্টা রুখে দেব। ডাকসুর বিকল্প নেই নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিত করতে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়েই আমাদের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে যায়। সেখানে সহকারী প্রক্টর ও শাহবাগ থানার পুলিশ উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে টিএসসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ