চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট চত্বরে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে লক্ষ্য করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কিয়ামত হলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না। "শাহজাহান চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, "নিজামী সাহেব, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা, সালাহউদ্দিন কাদেরসহ জামায়াতে ইসলামীর নেতাদের যে রশিতে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে সেই রশিতেই ফাঁসি দেওয়া হবে।" এছাড়া তিনি আওয়ামী লীগকে বিডিআর হত্যাকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের ১১ নেতাকে হত্যার জন্য দায়ী করেন। তিনি দাবি করেন, "শেখ হাসিনা খুনি, তিনি হত্যা মামলার আসামি। এখন দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। "ইসলামী দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি ভেদাভেদ ভুলে দেশে ইসলামী শাসন কায়েম করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। স্থানীয় উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "চরপাথরঘাটা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়াহাট সেতু নির্মাণের বিষয়টি সার্কিট হাউসের মিটিংয়ে তুলে ধরা হবে। পাশাপাশি মাঝিদের ঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ব্রিজঘাট এলাকার সমস্যাগুলো সমাধানের জন্য সিডিএ চেয়ারম্যানের সাথে আলোচনা করা হবে। "সমাবেশটি সভাপতিত্ব করেন চরপাথরঘাটা জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি এবং কর্ণফুলী জামায়াতের আমির মনির আবছার চৌধুরী সহ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ