দেশের মাটিতে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না টাইগার অলরাউন্ডারের। সিরিজ খেলতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরে যেতে হচ্ছে তাকে। মূলত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিব দেশে ফিরবেন নাকি ফিরবেন না, বিষয়টা নিয়ে বুধবার রাত থেকেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তারপর সাকিব জানান, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। বলেছিলেন, ‘দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই।
সাকিবে না ফেরা প্রসঙ্গে এবার কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়েছেন তার পরামর্শেই দেশে আসছেন দেশসেরা মহাতারকা। বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছেন তা।
বলেছেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না।’ ‘যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামী করা হয় তাকে। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব। সরকার পতন ও মামলা দায়েরের পর থেকে আর দেশে ফেরেননি।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ